মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গির এলাকায় গত সোমবার বিকালে তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস গতকাল মঙ্গলবার নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানায়, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
নেগরি সিমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, ‘মারামারির ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’
তিনি জানান, লিঙ্গি থানার একটি দল ঘটনাস্থল থেকে এক বাংলাদেশিকে আটক করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করে। এরপর আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আলজাফনি আহমদ বলেন, ‘সংঘর্ষে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।’
তিনি বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।’