যে শর্তে মুক্তি পাবে ইমরান খান





পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হতে পারে। তবে বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একাধিক সূত্র ও ইমরান খানের পরিবারের সদস্যরা।

২০২৩ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তার সমর্থকদের দাবি, দুর্নীতির অভিযোগের আড়ালে মূলত সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরেই তাকে কারাবন্দি করা হয়েছে।

সূত্রগুলোর দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে ৭৩ বছর বয়সী ইমরান খানের চোখে অস্ত্রোপচার হয়েছে। কয়েক মাস ধরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে তার সাক্ষাৎও সীমিত রয়েছে। এতে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’-কে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলায়মান খান ও কাসিম খান জানান, সাত মাসের বেশি সময় তাদের বাবা বাইরের বিশ্বের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন। দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

২০১৯ সালে একই ধরনের সমঝোতার আওতায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তবে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান এমন কোনো শর্ত মেনে নেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।


Previous Post Next Post